ফুটবলারদের ক্যারিয়ার শেষ হওয়ার পর কোচিং, টেলিভিশন বিশ্লেষক কিংবা ক্লাব প্রশাসনের সঙ্গে যুক্ত হওয়ার গল্প নতুন কিছু নয়। কিন্তু নুসাইর মাজরাউইয়ের পরিকল্পনা যেন একেবারেই ভিন্ন। মরক্কোর এই ডিফেন্ডার মাঠের সবুজ ঘাস ছেড়ে ভবিষ্যতে নিজেকে দেখতে চান ধর্মীয় শিক্ষার জগতে- একজন হাফেজে কোরআন এবং ইমাম হিসেবে।
বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেড ও মরক্কো জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য মাজরাউই। বয়স মাত্র ২৮। একজন ডিফেন্ডারের জন্য এটি ক্যারিয়ারের সেরা সময় বলেই ধরা হয়। অথচ এই সময়েই অবসরের চিন্তা করছেন তিনি।
সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে মাজরাউই জানান, ২০২৬ বিশ্বকাপের পর পেশাদার ফুটবল থেকে সরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে তার। কারণ, জীবনের পরবর্তী অধ্যায়ে তিনি সময় দিতে চান ধর্মীয় শিক্ষা ও আত্মিক উন্নয়নে। মাজরাউইয়ের ভাষায়, ফুটবল তাকে অনেক কিছু দিয়েছে। খ্যাতি, অর্থ, সাফল্য-সবই পেয়েছেন। কিন্তু জীবনের আসল উদ্দেশ্য নিয়ে ভাবতে গিয়ে তিনি উপলব্ধি করেছেন, আধ্যাত্মিক চর্চার জন্য আরও বেশি সময় প্রয়োজন।