খেলা

ব্রাজিলকে হুঙ্কার দিল জাপান

ব্রাজিলকে হুঙ্কার দিল জাপান
সংগৃহীত ছবি

ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করার পর এবার কঠিন পরীক্ষার মুখে জাপান। রাউন্ড অব ৩২-এ এশিয়ার দলটির প্রতিপক্ষ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে শক্তিশালী প্রতিপক্ষকে নিয়ে ভীত নয় ব্লু সামুরাইরা; বরং আত্মবিশ্বাসের সঙ্গেই জয়ের লক্ষ্য ঘোষণা করেছে দলটি।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে সুইডেনের সঙ্গে ১-১ গোলে ড্র করে ‘এফ’ গ্রুপের রানার্সআপ হিসেবে নকআউটে উঠেছে জাপান। এর ফলে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হওয়া নিশ্চিত হয়েছে তাদের।

আগামী সোমবার (২৯ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টন স্টেডিয়ামে শেষ ১৬-তে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে ব্রাজিল ও জাপান।

ম্যাচের আগে জাপানের প্রধান কোচ হাজিমে মোরিয়াসু জানিয়েছেন, তার দল নিজেদের সামর্থ্যের ওপর পূর্ণ আস্থা রাখছে। তিনি বলেন, ব্রাজিল বিশ্বের অন্যতম সেরা দল হলেও মাঠে নামার পর দুই দলেরই জয়ের সুযোগ থাকবে।

মোরিয়াসু স্মরণ করিয়ে দেন, গত বছরের অক্টোবরে টোকিওতে অনুষ্ঠিত এক প্রীতি ম্যাচে ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়েছিল জাপান। সেই অভিজ্ঞতা এবারও দলকে আত্মবিশ্বাস জোগাবে বলে মনে করেন তিনি।

জাপান কোচের ভাষায়, আগের ম্যাচে তারা দেখিয়ে দিয়েছেন যে ব্রাজিলের বিপক্ষেও প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য তাদের রয়েছে। তাই এবারও নিজেদের সেরাটা দিয়ে ইতিবাচক ফল অর্জনের লক্ষ্য নিয়েই মাঠে নামবে দলটি।

সুইডেনের বিপক্ষে ম্যাচ প্রসঙ্গে মোরিয়াসু বলেন, তার দল প্রথমে এগিয়ে গেলেও পরে গোল হজম করেছে। তবে নকআউট পর্বে ওঠাই ছিল মূল লক্ষ্য এবং সেটি পূরণ হওয়ায় তিনি সন্তুষ্ট।

তার মতে, বিশ্বকাপের নকআউটে জায়গা করে নেওয়া জাপানি ফুটবলের ধারাবাহিক উন্নতিরই প্রতিফলন। এখন সেই অগ্রগতিকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে তার শিষ্যরা।

সম্পর্কিত খবর

লিঙ্ক কপি হয়েছে!