স্কটল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে ব্রাজিল। ৩-০ গোলের এই জয়ের পর দলের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি। তবে ম্যাচ শেষে সবচেয়ে বেশি আলোচনায় ছিল নেইমারের প্রত্যাবর্তন নিয়ে তার মন্তব্য।
বৃহস্পতিবার (২৫ জুন) যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই নিয়ন্ত্রণে ছিল ব্রাজিল। পুরো ম্যাচজুড়ে আক্রমণাত্মক ও গোছানো ফুটবল খেলেছে সেলেসাওরা। ম্যাচ শেষে ব্রাজিলিয়ান গণমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় আনচেলত্তি বলেন, আগের ম্যাচগুলোর ইতিবাচক দিক ধরে রেখে আরও সংগঠিত ফুটবল খেলাই ছিল দলের লক্ষ্য।
তার মতে, স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিল শুধু জয় পায়নি, বরং মাঠে নিজেদের পরিকল্পনার সফল বাস্তবায়নও দেখিয়েছে। বলের দখল, আক্রমণ গঠন এবং দলগত সমন্বয়ে খেলোয়াড়রা নিজেদের সেরাটা দিয়েছেন।
তবে ম্যাচের অন্যতম বড় ঘটনা ছিল নেইমারের মাঠে ফেরা। দীর্ঘ ৯৮১ দিন পর আবারও ব্রাজিলের জার্সিতে খেলতে নেমেছেন এই তারকা ফরোয়ার্ড। দীর্ঘ সময় ইনজুরির কারণে মাঠের বাইরে থাকার পর জাতীয় দলে তার প্রত্যাবর্তন স্বাভাবিকভাবেই দলের জন্য বড় স্বস্তির খবর।
নেইমারকে নিয়ে আনচেলত্তি বলেন, তার উপস্থিতি পুরো দলের আত্মবিশ্বাস বাড়াবে। শুধু একজন খেলোয়াড় হিসেবে নয়, অভিজ্ঞতা ও সৃজনশীলতার দিক থেকেও তিনি দলের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ। ব্রাজিলের আক্রমণভাগকে আরও কার্যকর করে তুলতে নেইমার বড় ভূমিকা রাখতে পারেন বলেও মনে করেন তিনি।
কোচ আরও বলেন, দলের খেলোয়াড়দের মধ্যে সমন্বয় ও মানসিক দৃঢ়তা ছিল ম্যাচের সবচেয়ে ইতিবাচক দিক। রক্ষণ থেকে আক্রমণে দ্রুত রূপান্তর এবং একাধিক খেলোয়াড়ের অংশগ্রহণ ব্রাজিলকে আরও শক্তিশালী করে তুলেছে।
গ্রুপ পর্বে তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট সংগ্রহ করে ‘সি’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে ব্রাজিল। একই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে মরক্কো।
নেইমারের প্রত্যাবর্তন, ধারাবাহিক পারফরম্যান্স এবং বাড়তে থাকা আত্মবিশ্বাস—সব মিলিয়ে শিরোপার দৌড়ে এখন আরও শক্তিশালী অবস্থানে রয়েছে ব্রাজিল।