টাঙ্গাইলের নাগরপুর উপজেলার একটি বিদ্যালয়ের টিউবওয়েলের পানি পান করার পর ৩৩ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টার দিকে উপজেলার মামুদ নগর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে দুই শিক্ষার্থীর অবস্থা গুরুতর হওয়ায় তাদের টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ক্লাস শুরুর আগে কয়েকজন শিক্ষার্থী বিদ্যালয় মাঠে থাকা টিউবওয়েল থেকে পানি পান করে। কিছু সময় পর তারা একে একে পেটব্যথা, বমি ও শারীরিক অসুস্থতা অনুভব করলে দ্রুত তাদের নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
বিদ্যালয়ের দপ্তরি মিজানুর রহমান জানান, টিউবওয়েলের পাশে পলিথিনে মোড়ানো দুর্গন্ধযুক্ত একটি পদার্থ দেখতে পান, যা কীটনাশক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শিক্ষার্থীদের ভাষ্য, পানি পান করার কিছুক্ষণ পর থেকেই তাদের পেটে ব্যথা ও বমির উপসর্গ দেখা দেয়।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান বলেন, টিউবওয়েলের পাশে সাদা রঙের পাউডারের মতো কিছু দেখা গেছে এবং পানিতেও দুর্গন্ধ পাওয়া গেছে। পরিস্থিতি বুঝে দ্রুত অসুস্থ শিক্ষার্থীদের হাসপাতালে নেওয়া হয় এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নাদির আহম্মেদ জানিয়েছেন, পানিতে কোনো ধরনের রাসায়নিক বা কীটনাশক মেশানো হয়েছিল কি না, তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল কাদীর বলেন, অসুস্থ শিক্ষার্থীরা চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে। গুরুতর দুই শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফান উদ্দিন ঘটনাটি জানার পর হাসপাতালে গিয়ে শিক্ষার্থীদের খোঁজখবর নেন। নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম জানিয়েছেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।