নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলের ইঞ্জিনে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা সাত হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
মঙ্গলবার সকালে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কে গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিএনসির সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে একটি দল অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করে।
একপর্যায়ে সন্দেহজনক একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালালে এর ইঞ্জিন অংশে বিশেষভাবে লুকানো অবস্থায় সাত হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন নেত্রকোনার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের চিরাম গ্রামের মো. সোহেল মিয়া (৩৬) ও মো. সজীব (২৪)।
অভিযানে তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। ডিএনসির তথ্যমতে, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮ লাখ টাকা।
এ ঘটনায় ডিএনসির পরিদর্শক মো. আল-আমিন বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
ডিএনসি জানিয়েছে, আটক দুইজনকে আদালতে পাঠানো হবে। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।