বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনকে সামনে রেখে নিজেদের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করেছে আরমান-মুক্তি প্যানেল। মঙ্গলবার সাধারণ সম্পাদক প্রার্থী রুমানা ইসলাম মুক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে প্যানেলের প্রার্থীদের নাম ঘোষণা করেন।
আগামী ৩ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে একটি প্যানেলের নেতৃত্বে রয়েছেন শিবা শানু ও জয় চৌধুরী। অন্যদিকে ফাইট ডিরেক্টর আরমান ও অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তির নেতৃত্বে গঠিত হয়েছে আরমান-মুক্তি প্যানেল।
ঘোষিত তালিকা অনুযায়ী, সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চিত্রনায়িকা নূতন ও খল অভিনেতা ইলিয়াস কোবরা। সহ-সাধারণ সম্পাদক পদে রয়েছেন রিনা খান এবং সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হয়েছেন চুন্নু।
এছাড়া আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে এম এ পারভেজ চৌধুরী আবীর, দফতর ও প্রচার সম্পাদক পদে রাসেল মিয়া, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ পদে কমল প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কার্যনির্বাহী সদস্য পদে লড়ছেন মানস বন্দ্যোপাধ্যায়, দুলারী, রাকা, শারমিন আক্তার, লতিফ (চিতা), নাসরিন, সুশান্ত, শাহীন কমেডি, বাদল শেখ, আরমান খান ও শামীম খান (চিকন আলী)।
এর আগে সোমবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে মনোনয়নপত্র জমা দেন প্যানেলের প্রার্থীরা। শুরুতে সভাপতি পদে চিত্রনায়ক বাপ্পারাজের প্রার্থী হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান।
তবে প্রার্থী না হলেও নিজের গঠিত প্যানেলের প্রতি সমর্থন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাপ্পারাজ। মনোনয়ন জমার সময় তিনি উপস্থিত থেকে প্যানেলের সদস্যদের জন্য শুভকামনাও জানান।
এদিকে শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে এফডিসিতে ইতোমধ্যেই নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে। প্রার্থীদের প্রচার-প্রচারণা ও নানা কার্যক্রমে মুখর হয়ে উঠেছে চলচ্চিত্র অঙ্গন।