শিক্ষা

প্রাথমিক শিক্ষায় বড় সংস্কারের ইঙ্গিত ববি হাজ্জাজের

প্রাথমিক শিক্ষায় বড় সংস্কারের ইঙ্গিত ববি হাজ্জাজের
জাইকা বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকোর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাক্ষাৎ

জাপানের শিক্ষা ব্যবস্থার সফল অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, শিশুদের জন্য আরও আধুনিক, দক্ষতাভিত্তিক ও আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের পথে এগোচ্ছে।

বুধবার (২৪ জুন) সচিবালয়ে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকোর নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন।

ববি হাজ্জাজ জানান, বর্তমানে প্রাথমিক শিক্ষার নতুন কারিকুলাম প্রণয়নের কাজ চলছে। নতুন পাঠক্রমে সিভিক এডুকেশন, ক্রীড়া ও সাংস্কৃতিক শিক্ষা, গণিত এবং বিজ্ঞান শিক্ষার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য চ্যালেঞ্জিং ও আনন্দদায়ক শিক্ষার পরিবেশ তৈরির লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, জাপানের নাগরিক শিক্ষা ব্যবস্থা বিশ্বজুড়ে প্রশংসিত। বাংলাদেশেও শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ, শৃঙ্খলা, নৈতিকতা এবং নাগরিক মূল্যবোধ গড়ে তুলতে জাপানের অভিজ্ঞতা কাজে লাগানো যেতে পারে।

প্রতিমন্ত্রী আরও জানান, দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধাপে ধাপে ‘ম্যাথ ল্যাব’ চালুর পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে গণিত শিক্ষাকে আরও আকর্ষণীয়, প্রযুক্তিনির্ভর ও কার্যকর করা হবে। এ ক্ষেত্রে জাইকার কারিগরি সহায়তা ও প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, শিক্ষা প্রশাসনকে আরও কার্যকর ও জবাবদিহিমূলক করতে থাইল্যান্ড ও তুরস্কের শিক্ষা ব্যবস্থাও পর্যালোচনা করা হচ্ছে। মাঠপর্যায়ের প্রশাসনিক কার্যক্রম, কর্মদক্ষতা মূল্যায়ন (KPI) এবং মনিটরিং ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বৈঠকে জাইকার প্রতিনিধিরা বাংলাদেশের প্রাথমিক শিক্ষা খাতে সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন। তারা পাঠক্রম উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষা প্রশাসনের দক্ষতা বৃদ্ধি এবং শিশু-বান্ধব শিক্ষা পরিবেশ তৈরির বিষয়ে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা করেন।

সম্পর্কিত খবর

লিঙ্ক কপি হয়েছে!