রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর মাধ্যমে প্রথমবারের মতো ভর্তি কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছে নবগঠিত এই বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার (১০ জুন) দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন প্রক্রিয়া চলবে ২০ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ৫ জুলাই থেকে ডাউনলোড করা যাবে।
আবেদনকারীরা ২৭ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন ফি জমা দিতে পারবেন। এছাড়া প্রাথমিক যোগ্যতা যাচাইয়ের সময় নির্ধারণ করা হয়েছে ২১ জুন থেকে ২৩ জুন পর্যন্ত।
ভর্তি পরীক্ষার সূচি অনুযায়ী, ১১ জুলাই বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ইউনিটের ফল প্রকাশ করা হবে ১৪ জুলাই। অন্যদিকে, ১৭ জুলাই বিজ্ঞান ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে ১২টা এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ দুই ইউনিটের ফলাফল প্রকাশ করা হবে ২০ জুলাই।
ফল প্রকাশের পর বিষয় নির্বাচন ও বরাদ্দ কার্যক্রম ধাপে ধাপে সম্পন্ন করা হবে। চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু হবে ১৩ আগস্ট এবং চলবে ২৭ আগস্ট পর্যন্ত। নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে আগামী ৬ সেপ্টেম্বর।
আসন বণ্টনের ক্ষেত্রে বিশেষ কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে। ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের আসন শুধুমাত্র ছাত্রীদের জন্য সংরক্ষিত থাকবে। অন্যদিকে ঢাকা কলেজে ভর্তি হতে পারবেন শুধু ছাত্ররা। তবে সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাংলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজে ছাত্র-ছাত্রী উভয়েই মেধার ভিত্তিতে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।
ভর্তি যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে, আবেদনকারীকে ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে এসএসসি বা সমমান এবং ২০২৪ অথবা ২০২৫ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এসএসসি ও এইচএসসি মিলিয়ে চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৬.৫০ থাকতে হবে।
আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে থাকা সাতটি কলেজ হলো— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাংলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজ।