কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি ব্যবসায়িক কার্যক্রম পুনর্গঠনের অংশ হিসেবে গত এক বছরে প্রায় ২১ হাজার কর্মী ছাঁটাই করেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট ওরাকল। কোম্পানির প্রকাশিত সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ৩১ মে পর্যন্ত ওরাকলের পূর্ণকালীন কর্মীর সংখ্যা ছিল প্রায় ১ লাখ ৪১ হাজার। এর আগের বছর একই সময়ে প্রতিষ্ঠানটিতে কর্মরত ছিলেন প্রায় ১ লাখ ৬২ হাজার কর্মী। ফলে এক বছরের ব্যবধানে কর্মী সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।
ওরাকলের ভাষ্য, বিভিন্ন ক্ষেত্রে এআইভিত্তিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাওয়ায় অনেক কাজে আগের তুলনায় কম জনবল প্রয়োজন হচ্ছে। প্রতিষ্ঠানটি ইঙ্গিত দিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের পরিবর্তনের ধারা অব্যাহত থাকতে পারে।
বিশ্বব্যাপী ওরাকলের মোট কর্মীসংখ্যার প্রায় ১৩ শতাংশ এই পুনর্গঠনের আওতায় পড়েছে। প্রযুক্তি খাতে বর্তমানে এআই অবকাঠামো ও ডেটা সেন্টার নির্মাণে বিপুল বিনিয়োগের কারণে ব্যয় নিয়ন্ত্রণে অনেক প্রতিষ্ঠানই কর্মীসংখ্যা কমানোর কৌশল গ্রহণ করছে। ওরাকলের সিদ্ধান্তও সেই প্রক্রিয়ার অংশ বলেই মনে করা হচ্ছে।
শুধু ওরাকল নয়, সাম্প্রতিক সময়ে এআই খাতে বড় বিনিয়োগের কারণে অ্যামাজন ও মেটার মতো প্রতিষ্ঠানও হাজার হাজার কর্মী ছাঁটাই করেছে। বিভিন্ন কর্মসংস্থান পর্যবেক্ষণকারী সংস্থার তথ্য অনুযায়ী, গত এক বছরে প্রযুক্তি খাতে এক লাখেরও বেশি মানুষ চাকরি হারিয়েছেন।
চলতি বছরের এপ্রিল মাসে ওরাকলে বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের বিষয়টি কর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের মাধ্যমে সামনে এলেও তখন এর প্রকৃত পরিমাণ স্পষ্ট ছিল না। বার্ষিক প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি পরিষ্কার হয়েছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, কর্মী ছাঁটাই, পুনর্গঠন কার্যক্রম ও বিদায়ী সুবিধা বাবদ গত অর্থবছরে তাদের ব্যয় হয়েছে প্রায় ১ দশমিক ৮ বিলিয়ন ডলার। আগের অর্থবছরে একই খাতে ব্যয় ছিল ৩৭৪ মিলিয়ন ডলার।
তবে এই পুনর্গঠন প্রক্রিয়ায় কিছু ঝুঁকির কথাও উল্লেখ করেছে ওরাকল। কোম্পানির আশঙ্কা, নির্দিষ্ট কিছু ক্ষেত্রে দক্ষ কর্মীর সংকট তৈরি হলে উৎপাদনশীলতা এবং ভবিষ্যৎ আয় ক্ষতিগ্রস্ত হতে পারে।
বর্তমানে ওপেনএআই ও মেটার মতো শীর্ষ এআই প্রতিষ্ঠানের জন্য ডেটা সেন্টার নির্মাণ ও সেবা প্রদানের বাজারে প্রতিযোগিতা বাড়ছে। সেই লক্ষ্য সামনে রেখেই ওরাকল তাদের ব্যবসায়িক কৌশলে বড় ধরনের পরিবর্তন আনছে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: বিবিসি